আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে।
তবে এ বছর ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘সারা বিশ্ব এখন নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’









Discussion about this post