নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়।
বিষয়টি র্যাব-১১-এর নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি বর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেটা, তিনটি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)।
তিনি ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার বাসিন্দা এবং মোজা মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post