নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় নীলফামারীর সৈয়দপুরে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ীদের হামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুই সদস্য গুরুতর আহত হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করে আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেয়া আসামি মহসিন আলী মন্টু নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি প্রতারণা মামলার অভিযুক্ত।
তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা এবং খালেদ মার্কেটে একটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের একটি টিম বিশেষ অভিযানে সৈয়দপুরে গিয়ে মহসিনকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর মাইক্রোবাসে তোলার সময় আসামি নিজেকে বাঁচাতে ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আসামির চিৎকারে বিভ্রান্ত হয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পিবিআই সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পিবিআইয়ের মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
গুরুতর আহত হন পিবিআইয়ের দুই কর্মকর্তা।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিবিআইয়ের গাড়িচালকসহ চার সদস্যের টিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলায় পিবিআই সদস্যরা মহসিনকে আটক করেছিলেন। আসামি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, পিবিআই সদস্যদের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের একটি মামলার আসামিকে কেন্দ্র করে দেশের অন্য প্রান্তে এমন হামলা ও ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনতাকে উসকে দেওয়ার এই কৌশল কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—এই ঘটনা তারই বাস্তব উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









Discussion about this post