নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের ৯ দিন পর একটি বিউটি পার্লারের ভেতর থেকে মালিক কামরুন নাহার ইতি এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে কামরুন নাহার ইতি নিখোঁজ ছিলেন।
স্বজনরা জানান, নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি স্বামীকে জানানো হলেও তিনি এ বিষয়ে উদাসীন আচরণ করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আমলাপাড়ায় অবস্থিত পরী বিউটি পার্লার থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন সন্দেহ প্রকাশ করেন। পরে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন।
দুই দিন যাবৎ এমন দূর্গন্ধের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় ঘটনাস্থলে গিয়ে পার্লারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি পচে যাওয়ায় ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আনোয়ার হোসেন সেন্টু মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই ইতির ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








Discussion about this post