নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১১।
এ ঘটনায় ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বন্দর থানার সালেহনগরের মো. আকাশ (২৪), বাবুপাড়ার সঞ্জয় শীল (২০), বন্দর আমিন এলাকার মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর উপজেলার মো. ফয়সাল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের কদমতলির মো. বায়েজিদ (২৩)।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা একাদশ শ্রেণির ওই শিক্ষার্থী প্রায় এক মাস আগে ‘টেন টেন’ নামের একটি ডেটিং অ্যাপে ‘ইনায়া শেখ’ নামের একটি আইডির সঙ্গে পরিচিত হয়।
পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে দেখা করার প্রলোভন দেখিয়ে তাকে বন্দর এলাকায় ডেকে আনা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কিশোরটি নির্ধারিত স্থানে পৌঁছালে ৯-১০ জনের একটি দল তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। পরে অপহৃতের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার পরিস্থিতি সামাল দিতে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠায় এবং এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করে।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post