স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল।
উৎসবমুখর পরিবেশ, কোলাহল আর কুশল বিনিময়ে জমে ওঠা এই আয়োজন অনেকের কাছে যেন ঈদের আগাম আনন্দ হয়ে উঠেছিল।
তবে পুরো আয়োজনজুড়ে এক ব্যক্তির অনুপস্থিতি নিয়ে ছিল ফিসফাস আলোচনা—তিনি বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রশাসনিক অঙ্গনের প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে নানা বিতর্কে আলোচিত হাতেমের অনুপস্থিতি অনেক অতিথির মধ্যেই কৌতূহল ও আলোচনা তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি সভাপতির আসনে বসে না থেকে বরং নিজেই একে একে আগত অতিথিদের স্বাগত জানান, কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। একজন সংসদ সদস্য ও সংগঠনের সভাপতির এমন আচরণে পুরো আয়োজনেই ভিন্ন এক আন্তরিক পরিবেশ তৈরি হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।
তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ এবং খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন।
ব্যবসায়ী সমাজের বিভিন্ন প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কাজী মনিরুজ্জামান, যার উপস্থিতি অনেকের মধ্যেই বিস্ময় সৃষ্টি করে। তাকে স্বাগত জানান চেম্বার সভাপতি দিপু ভূইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।
তবে এত কিছুর মধ্যেও আলোচনায় ছিল এক ব্যক্তির অনুপস্থিতি।
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত মোহাম্মদ হাতেম এই আয়োজন থেকে দূরে থাকেন।
অতিথিদের অনেকেই ব্যক্তিগত আলাপচারিতায় তার অনুপস্থিতি নিয়ে নানা মন্তব্য করেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর হাতেমকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা আরও তীব্র হয়েছে বলে ব্যবসায়ী মহলের একাধিক সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, ক্ষমতার পালাবদলের পরও তিনি কৌশলে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
ব্যবসায়ী মহলের অনেকেই মনে করেন, অতীতের বিতর্ক ও সমালোচনার কারণে সাম্প্রতিক সময়ে প্রকাশ্য অনেক অনুষ্ঠানে হাতেমের উপস্থিতি কমে গেছে। এদিনের ইফতার মাহফিলেও তার অনুপস্থিতিকে অনেকে সেই বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ চেম্বারের ইফতার মাহফিলটি ছিল রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের মিলনমেলায় পরিণত হওয়া এক ব্যতিক্রমী আয়োজন।
তবে উৎসবমুখর এই আয়োজনের আড়ালেও আলোচনায় ঘুরপাক খেয়েছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত – সমালোচিত – বিতর্কিত এক নাম—মোহাম্মদ হাতেম।









Discussion about this post