নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফ (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত ৮টার দিকে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লতিফ রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত ২৬ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।
রায় ঘোষণার পর পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে লতিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।








Discussion about this post