নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও অভিযানের মূল লক্ষ্য তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে জেলার গলাচিপা এলাকার কলেজ রোডে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জাহিদকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সে। তবে ঘটনাস্থল থেকে তার মাদক পাচার চক্রের চার সহযোগীকে আটক করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা হয় ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র।
উদ্ধারকৃত এসব আলামত মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. দিদার (৫৫), সান্তো (২৪), মো. রিয়াজ (২৭) ও মো. রিফাত (২৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, পলাতক জাহিদকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে দ্রুত পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।









Discussion about this post