নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ক্যানেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে জালকুড়ি এলাকার বৃষ্টিধারা ক্যানেলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ক্যানেলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, মৃত্যুর দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।









Discussion about this post