নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবক সাইদ আহমেদ সাব্বির (৩০) হত্যা মামলার প্রধান আসামি সোহাগ (৪২)কে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, এজাহার সূত্রে নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই ব্যবসা পরিচালনা করতেন। অন্যদিকে, গ্রেফতারকৃত সোহাগের নেতৃত্বে একটি চক্র ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
সাব্বির নিয়মিতভাবে এ মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল।
গত ৪ মার্চ ভোরে সেহরির খাবার আনতে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে পৌঁছালে সোহাগের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তিনি মারা যান।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১১ জানায়, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকা থেকে যৌথ অভিযানে সোহাগকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব-১১’র সদর কোম্পানি এবং র্যাব-৭ অংশ নেয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।








Discussion about this post