নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক হিসেবে মুফতি বশিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মহিউদ্দিন খান দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। দেশের ইসলাম, ইসলামী মূল্যবোধ ও মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলার প্রতিটি স্তরের নেতাকর্মী এবং আলেম-ওলামাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধের প্রসার এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও জানান তিনি।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, হেফাজতে ইসলামের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। জেলার বিভিন্ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদারের পাশাপাশি আলেম-ওলামাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।
তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সংগঠনের কর্মসূচি আরও বিস্তৃত ও সুসংগঠিতভাবে পরিচালিত হবে।









Discussion about this post