নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
একই দিনে পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২৬ ভোররাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১,০২৩ বোতল ফেনসিডিল, স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন— ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এদিকে একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া উদ্ধারকৃত অস্ত্রাংশ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।









Discussion about this post