স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে আব্দুল লতিফ (৬৬) নামের এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত দোকানদার জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে।
জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিমের চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান লতিফ। কিছুক্ষণ পর ফিরে এসে রিকশা রাখাকে কেন্দ্র করে দোকানদার জসিমের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, জসিম লতিফকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জসিমকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে, এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন বয়স্ক শ্রমজীবী মানুষের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।









Discussion about this post