নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যা-সহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে আরও পাঁচ মামলায় তাঁর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে এই আদেশ দেন।
ফলে প্রথম দফার পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। পাশাপাশি দ্বিতীয় দফার পাঁচ মামলায় আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় সেসব মামলাতেও আইভীর জামিন কার্যকর হয়েছে।
আইনজীবীরা বলছেন, এই দুই দফার ১০ মামলায় এখন আইভীর জামিন বহাল রয়েছে। এছাড়া বাকি দুই মামলায়ও তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। যদিও ওই দুই মামলার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে, তবে তা এখনো চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠেনি।
ফলে সব মিলিয়ে ১২টি মামলায়ই বর্তমানে জামিনে আছেন আইভী। এতে তাঁর কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামলার পটভূমি
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রথমে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে গত বছরের ৯ নভেম্বর আদালত তাঁকে জামিন দেন।
এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে চেম্বার আদালত তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরবর্তীতে শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে জামিন বহাল রাখেন।
পরবর্তীতে আরও পাঁচটি মামলায়—যার মধ্যে চারটি হত্যা মামলা ও একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ—আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
এসব মামলায়ও অধস্তন আদালতে ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে গেলে গত ২৬ ফেব্রুয়ারি আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিন স্থগিত করা হলেও, আপিল বিভাগ তা প্রত্যাহার করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
সর্বশেষ পরিস্থিতি
এদিকে, নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয় চলতি বছরের মার্চ ও এপ্রিলে। এসব মামলায়ও হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা এখনো শুনানিতে ওঠেনি।
আইভীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।
আইনজীবীদের মতে, আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই বর্তমানে জামিন বহাল রয়েছে।
ফলে তাঁর মুক্তিতে আপাতত কোনো আইনি জটিলতা নেই।









Discussion about this post