নারায়ণগঞ্জ প্রতিনিধি
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন।
আদালত সেই আবেদন মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ প্রেক্ষিতে সোমবারের শুনানিতে আদালত নতুন করে আগামী ১ জুলাই পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করে পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিন আদালতে মামলার আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ্ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন হাজিরা দেন। তবে মামলার অপর দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান এখনো সীমান্ত পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।
মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, আগের ধার্য তারিখে আদালত তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন বা আবেদন দাখিল করেননি। তাই দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বলেন, নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজিরা দিয়েছেন এবং শুনানি শেষে আদালত ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এদিকে ত্বকীর বাবা রফিউর রাব্বি তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত তদন্তকারী সংস্থা ১০৪ বার সময় নিয়েছে। হত্যাকাণ্ডের ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। সর্বশেষ গত ২৬ এপ্রিল আরও ৩০ দিনের সময় চেয়ে জানানো হয়েছে যে, প্রতিবেদন প্রস্তুতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন।”
তিনি প্রশ্ন তোলেন, এই অনুমতির জন্যও কি মাসের পর মাস সময় লেগে যাবে ?
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় বিচারপ্রক্রিয়া ঝুলে রয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে।









Discussion about this post