ফতুল্লার পঞ্চবটি: আবার সক্রিয় ‘তিন তাস’ চক্র, প্রতিবাদে ভুক্তভোগীকে মারধর
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে তথাকথিত ‘তিন তাসের খেলা’ নামে পরিচিত প্রতারণামূলক চক্র।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ফের শুরু হওয়া এ কার্যক্রমে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পঞ্চবটি এলাকায় এক পথচারী যুবককে টার্গেট করে ‘তিন তাস’ চক্রের সদস্যরা ফাঁদ পাতে। কৌশলে খেলায় অংশ নিতে প্রলুব্ধ করে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই যুবক টাকা ফেরত চাইলে চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করা হয়, এতে তিনি আহত হন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয়দের দাবি, প্রায় এক মাস এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি আবার নতুন করে সংগঠিতভাবে শুরু হয়েছে।
আরও গুরুতর অভিযোগ হলো—দীর্ঘদিন ধরেই পুলিশের কিছু অসাধু সদস্য ও তাদের সোর্সদের সহায়তায় এ চক্রটি কার্যক্রম চালিয়ে আসছে।
স্থানীয় প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করেই তারা পঞ্চবটি ও আশপাশের ব্যস্ত সড়কে প্রকাশ্যে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। ফলে প্রতিদিনই পথচারী ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার অর্থলোভ এবং নজরদারির অভাবের কারণেই এ ধরনের প্রতারণা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই উল্টো হামলার শিকার হতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এই প্রতারণা চক্র নির্মূলের জোর দাবি উঠেছে।
ঘটনার বিস্তারিত তথ্য, সংশ্লিষ্টদের বক্তব্য এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী প্রতিবেদনে আরও তথ্য প্রকাশ করা হবে।









Discussion about this post