রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মুদি দোকানে ঢুকে পড়ার মর্মান্তিক ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বাচলের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম শুভ (২০)।
তিনি বগুড়া সদর উপজেলার বাসিন্দা এবং মৃত মোক্তারের ছেলে। শুভ দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে চালকের সরকারি হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, বগুড়া থেকে আলু বোঝাই করে একটি ট্রাক গাজীপুরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল অংশে পৌঁছালে হঠাৎ চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের একটি মুদি দোকানের ভেতরে ঢুকে পড়ে। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক রায়হান ও হেলপার শুভ গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকালে ঘটনাস্থলেই হেলপার শুভর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক রায়হানকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, “বগুড়া থেকে গাজীপুরগামী আলুবোঝাই ট্রাকটি পূর্বাচলের শিমুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে শুভ নামে এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, এশিয়ান হাইওয়ের ওই অংশে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়ক নিরাপত্তা জোরদার ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানান।
মর্মান্তিক এই দুর্ঘটনা আবারও মহাসড়কে নিরাপদ গতি, যানবাহনের কারিগরি তদারকি এবং চালকদের সতর্কতার গুরুত্ব নতুন করে সামনে আনল বলে মনে করছেন সচেতন মহল।








Discussion about this post