নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও প্রতারণার অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।

র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়া ওরফে ‘সোর্স বাবু’ সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিতেন। তার দলে ১০-১২ জন সদস্য রয়েছে। তিনি কখনো নিজেকে র্যাব বা ডিবির ‘সোর্স’, আবার কখনো কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে র্যাব বা পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকিও দিতেন।
এছাড়া, তিনি র্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা চালাতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১১ জানায়, বিষয়টি নজরে আসার পর ছায়া তদন্ত শুরু করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৩টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post