নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্ট-এ রিট আবেদন করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন।
রিটে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।
একইসঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়েছে— কেন এই নিয়োগকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
রিট আবেদনকারী আইনজীবীরা হলেন— জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. গোলাম কিবরিয়া, মো. ইসমাইল হোসেন, সাইফুল্লাহ খালেদ এবং মো. আল মুত্তাকী বিল্লাহ।
আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. সাখাওয়াত হোসেন খান। একই প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়।
রিট আবেদনে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির স্মারকমূলে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সংবিধান ও প্রযোজ্য আইনবিধির সঙ্গে সাংঘর্ষিক। তাই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত এবং প্রশাসকদের দায়িত্ব পালন বন্ধ রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা তৈরি হয়েছে। সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থার গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ— সে প্রশ্নও সামনে এসেছে।
রিটের শুনানি কবে অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে এ বিষয়ে আদালতের নির্দেশনার দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।









Discussion about this post