রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার সাবাসপুর মেডিকেল এলাকা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রমজান মৃধা জানান, সকালে রুহুল আমিন মোটরসাইকেলযোগে সাবাসপুর মেডিকেল এলাকা দিয়ে যাচ্ছিলেন।
এসময় দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে। তিনি কর্মসূত্রে রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।









Discussion about this post