নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ (২১) অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোররাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম জুম্মার পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, “ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ পেশায় একজন এসি মেকার ছিলেন। প্রায় ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটের সঙ্গে তার বিরোধ চলছিল। প্রায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানা’র সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই শুভকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাল শুভ ফোন করে তাকে পূর্ব ইসদাইর রেললাইনের কাছে ডেকে নেয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে লাল শুভসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে ৩০ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া একটি অজ্ঞাত মরদেহ পরিবারের সদস্যরা শুভর বলে শনাক্ত করেন।
নিখোঁজের সাত দিন পর তার লাশ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে তৎপর হয় র্যাব-১১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি ও র্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে অবশেষে লাল শুভকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post