নগর প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় সাময়িক উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ, ২৩০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতার ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে।
অগ্নিকাণ্ডের পরপরই বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের গ্রিড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এতে সম্ভাব্য ঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত থাকায় ঝুঁকি বেশি ছিল।
তবে দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও কমানো সম্ভব।







Discussion about this post