স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফারিয়া (৮) সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের ভাড়াটিয়া বাসায় বসবাস করত এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপরদিকে টুম্পা (৭) একই থানার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে একই এলাকায় আলাউদ্দীনের বাড়িতে ভাড়া থাকত এবং একই বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তাদের উভয়ের বাবা-মা গার্মেন্টস শ্রমিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা।
একপর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় টুম্পা। কিন্তু দুজনই পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি, বিশেষ করে খোলা জলাশয়ের আশপাশে।









Discussion about this post