চিৎকারে রক্ষা পেলেন চালক, ছিনতাই ব্যর্থ; হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় ওই চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা পেছন দিক থেকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তাঁর গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ সময় দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চালক প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা তাঁর হাতেও ছুরিকাঘাত করে। একপর্যায়ে চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জননিরাপত্তা জোরদারে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।









Discussion about this post