নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা বেলাল হোসেন ওসমানী (৪৫) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি স্থানীয় লামাপাড়া এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভুক্তভোগী ওই তরুণী (১৮) আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। যোগদানের পর থেকেই অভিযুক্ত বেলাল হোসেন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাওলানা বেলাল হোসেন ওসমানীকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, গ্রেফতারের পর শনিবার (২৩ মে) দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post