নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় অস্থায়ী গরুর হাট থেকে মো. মিরাজ হোসেন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোরে স্থানীয়রা হাটের ভেতরে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।
নিহত মিরাজ হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাটে আসা লোকজন একটি বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। মিরাজের খালাতো বোন জান্নাতুল বলেন, “মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বুধবার গভীর রাতে, প্রায় ২টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। আমরা মনে করি, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে গলায় রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।









Discussion about this post