স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগের একটি মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালবেলায় ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি অল্প সময়ের মধ্যেই এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করে। এ সময় কাছাকাছি অবস্থান করা এনসিপির কয়েকজন নেতাকর্মী মিছিলটি দেখতে পেয়ে পেছন দিক থেকে ধাওয়া দেয়।
ধাওয়া শুরু হলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে পড়ে। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করা হয়। আমাদের কয়েকজন কর্মী ঘটনাস্থলের কাছাকাছি থাকায় তারা বিষয়টি দেখে প্রতিরোধের চেষ্টা করে। ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়।”
তিনি আরও দাবি করেন, ব্যানার দেখে মিছিলকারীদের পরিচয় শনাক্ত করা গেছে এবং তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। যুবলীগের কোনো মিছিল হয়েছে—এমন তথ্যও কেউ দেয়নি।”
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও স্থানীয়দের মধ্যে এ ধরনের আকস্মিক মিছিল ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।









Discussion about this post