সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী শিশুকে কৌশলে খামারে ডেকে নেওয়ার অভিযোগ; পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশে সোপর্দ করা হলেও চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।
সোমবার (১ জুন) সন্ধ্যার পর নাসিক ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকার একটি গরুর খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক মিয়া ওই খামারের কর্মচারী। ঘটনার সময় শিশুটি খামারের সামনে দিয়ে যাওয়ার পথে তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভেতরে ডেকে নেওয়া হয়। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে বেধড়ক মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়দের প্রচেষ্টায় শিশুটির রক্ষা পেলেও গণপিটুনিতে গুরুতর আহত ফারুক মিয়াকে হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়ার সময় কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post