বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে থানা পুলিশের সাহসী ও কৌশলী অভিযানে পুলিশ আক্রান্তের মামলার এজাহারভুক্ত আসামি এবং এলাকার চিহ্নিত ছিনতাইকারী মানিক (২৮) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (রাত আনুমানিক ১১টা) বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার শাহজাহান মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানিক দক্ষিণ কলাবাগ এলাকার মনির মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরেই সে স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর বিশেষ নির্দেশনায় এবং এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে এসআই মাসুদ রানা কৌশলে মানিককে আচমকা আটক করেন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় দ্রুত তাকে পুলিশের জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চৌধুরী বাড়ি এলাকায় মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ওই হামলায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালিয়ে অস্ত্র লুট করা হয়। গ্রেফতার হওয়া মানিক ওই চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
এছাড়া দীর্ঘদিন ধরে মানিক ও তার সহযোগীরা দক্ষিণ কলাবাগ, ঝাউতলা এবং চৌধুরী বাড়ি এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গভীর রাতে পথচারীদের গলায় ছুরি বা ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করা ছিল তাদের প্রধান কাজ।
অনেক ক্ষেত্রে বাধা দিলে ভুক্তভোগীদের মারাত্মকভাবে জখম করার ঘটনাও ঘটেছে।
মানিকের গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মানিককে আদালতে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।









Discussion about this post