স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা এবং কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, স্থানীয়ভাবে ‘মরা গাং’ নামে পরিচিত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।









Discussion about this post