সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ‘দুর্ধর্ষ ডাকাত সর্দার’ জঙ্গী সোহান গ্রেপ্তার
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক গুরুতর মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার হাবিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহান সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল।
তার বিরুদ্ধে অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ অপরাধ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সোহান এলাকায় ‘জঙ্গী সোহান’ নামে পরিচিত ছিল এবং তার নেতৃত্বে সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়মিতভাবে ডাকাতি ও সহিংস কর্মকাণ্ড পরিচালনা করতো। দীর্ঘদিন ধরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদক, ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের দাবি। দীর্ঘদিন ধরে আতঙ্কের কারণ হয়ে থাকা এই চক্রের প্রধানকে গ্রেপ্তারের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









Discussion about this post