র্যাবের ওপর হামলার হোতা গিট্টু রিপন গ্রেফতার: কক্সবাজারে লুকিয়েও শেষ রক্ষা হয়নি
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত গিট্টু রিপন (৩৫) অবশেষে আইনের জালে ধরা পড়েছে।
দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে সন্ত্রাসের সাম্রাজ্য চালানো এই দুর্ধর্ষ অপরাধীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১১ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি এই চিহ্নিত সন্ত্রাসী।
র্যাব জানায়, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে র্যাবের গোয়েন্দা দলের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়।
ওই হামলায় তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রের আইনকেও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার শামিল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সেই মামলার এজাহারে গিট্টু রিপন ২ নম্বর আসামি হিসেবে চিহ্নিত।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গিট্টু রিপন কেবল একজন আসামি নয়, বরং ফতুল্লা অঞ্চলের এক ভয়ংকর অপরাধচক্রের মূল হোতা।
তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসাসহ ডজনেরও বেশি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখলেও নানা কারণে সে থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের সন্ত্রাসীরা রাজনৈতিক ছত্রছায়া ও দুর্বল নজরদারির সুযোগে বছরের পর বছর অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে। ফলে গিট্টু রিপনের মতো অপরাধীদের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি।
গ্রেফতারকৃত গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এমন একাধিক মামলার আসামি, র্যাবের ওপর হামলার মতো দুঃসাহসিক ঘটনায় জড়িত ব্যক্তি কীভাবে এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল? আর তার পেছনে কারা ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি বলেই মনে করছেন সচেতন মহল।









Discussion about this post