অভিমানে প্রাণ ঝরল প্রবাসীর স্ত্রীর, অবুঝ সন্তানের সামনে ঝুলন্ত মরদেহ
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে সাদিয়া আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ওই এলাকার সাঈদ হোসেনের কন্যা এবং প্রবাসী বিপ্লব হোসেনের স্ত্রী। তাদের একমাত্র শিশু সন্তান রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
গত শুক্রবার মুঠোফোনে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। স্বজনদের ধারণা, ওই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন সাদিয়া।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শ্বশুরবাড়ির টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিল না। পরে তার একমাত্র নাবালক সন্তান মুস্তাকিম ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মা শিরিন বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।









Discussion about this post