ওসমানীয় ‘ক্যাশিয়ার’ বিতর্কে হাতেম—সমালোচনার পরই সক্রিয় পাল্টা প্রচারণা হাতেম চক্র
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আবারও সমালোচনায় উঠে এসেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি নানাভাবে বিতর্কিত মোহাম্মদ হাতেম।
তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, সমালোচনা ও পাল্টা প্রচারণার লড়াই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন প্রকাশ্যে হাতেমকে ‘সেলিম ওসমানের ক্যাশিয়ার’ হিসেবে আখ্যায়িত করেন।
একই বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে ‘সন্ত্রাসী’ ও ‘ফ্যাসিস্ট’ বলেও উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, “ওসমানদের সঙ্গে কারা ছিল, তা সবাই জানে। শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যারা আন্দোলনকে ‘তাণ্ডব’ বলেছে, তাদের পরিচয় গোপন রাখার সুযোগ নেই।”
তিনি আরও দাবি করেন, বিতর্কিত কর্মকাণ্ড থাকা সত্ত্বেও প্রভাবশালী পরিচয়ের কারণে অনেকেই আড়ালে থেকে যাচ্ছেন।
সমালোচনার পরই মাঠে সক্রিয় ‘পাল্টা প্রচারণা’
এ বক্তব্যের পরপরই বিকেল থেকে একটি সংগঠিত চক্র হাতেমের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, এই চক্রের অনেকেই ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হাতেমকে ‘সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী’ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে থাকা কোনো ব্যক্তিকে ঘিরে হঠাৎ করে এমন প্রচারণা চালানো রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের ইঙ্গিত দেয়।
এতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন তারা।
পুরনো বিতর্ক নতুন করে সামনে
স্থানীয় বিভিন্ন মহলের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে হাতেম নিজের অবস্থান শক্ত করেন।
বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান বদল, ক্ষমতাসীনদের প্রতি আনুগত্য প্রদর্শন এবং বিতর্কিত বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
বিশেষ করে ২০২৪ সালের আগে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে তার বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বক্তব্য মেলেনি হাতেমের
এদিকে, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টরা
বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ও প্রচারণার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।









Discussion about this post