রূপগঞ্জে গ্রেপ্তার শিশু নির্যাতন মামলার প্রধান আসামি দেশজুড়ে ক্ষোভের পর র্যাব-১১’র অভিযানে ধরা লতা বেগম
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নরসিংদীতে আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রূপগঞ্জের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, নরসিংদীর মাধবদী থানাধীন এলাকায় পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। শিশুটির পা মুচড়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে রূপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৪ জুলাই (মঙ্গলবার) রাতে নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়। ঘটনার পরপরই লতা বেগম পলাতক থাকলেও তার স্বামী ও পিতাকে গ্রেপ্তার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
রূপগঞ্জে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন সচেতন মহল।









Discussion about this post