রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মান সনদ, মোড়কজাতকরণ নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিনটি কারখানাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তারাব পৌরসভার রূপসী, তারাব ও ভুলতা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
অভিযানকালে মান সনদ না থাকায় এসিআই গোডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড এবং আফতাব ফিড প্রোডাক্ট লিমিটেডকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে জিউঝৌ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার জানান, জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর কোনো বিএসটিআই অনুমোদিত গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন ছিল না।
এসব সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার ও রাসেদ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি ও কঠোর আইনি পদক্ষেপের ফলে বাজারে নিম্নমানের ও অবৈধভাবে উৎপাদিত পণ্যের বিস্তার কমবে এবং ভোক্তা অধিকার সুরক্ষা জোরদার হবে।









Discussion about this post