এফবিসিসিআইয়ে নতুন প্রশাসক: নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতৃত্বে প্রত্যাশার নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জের কৃতি ব্যবসায়ী মো. ফজলুল হকের নিয়োগ ব্যবসায়ী মহলে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে প্রশাসক পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ এবং নির্বাচন জটিলতায় স্থবির থাকা সংগঠনটিতে এবার বেসরকারি খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তার দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
রোববার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. ফজলুল হক। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দেন।
নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত ফজলুল হক ইতোমধ্যে দেশের নিট পোশাকশিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে তাঁর অভিজ্ঞতা এফবিসিসিআইয়ের বর্তমান সংকট উত্তরণে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত কয়েক বছরে এফবিসিসিআই নির্বাচন নিয়ে আইনি জটিলতা, প্রশাসনিক পরিবর্তন এবং ব্যবসায়ী মহলের বিভক্তির কারণে সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। একাধিক প্রশাসক নিয়োগ পেলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। ফলে ব্যবসায়ী নেতৃত্ব পুনর্বহাল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে ব্যবসায়ী সমাজের দাবির মুখে একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো শিল্পসমৃদ্ধ জেলার একজন উদ্যোক্তার নেতৃত্বে আসা দেশের রপ্তানিমুখী শিল্পখাতের জন্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন প্রশাসক মো. ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ে নির্বাচিত নেতৃত্ব ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেছেন।
ব্যবসায়ী মহলের মতে, যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়, তবে তা শুধু এফবিসিসিআই নয়, দেশের সামগ্রিক বাণিজ্য পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নারায়ণগঞ্জের শিল্প উদ্যোক্তাদের জন্যও এটি একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।
এখন দেখার বিষয়, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন প্রশাসক কতটা দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ী নেতৃত্ব পুনর্বহাল করতে পারেন এবং সংগঠনটিকে একটি কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে সক্ষম হন।









Discussion about this post