কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যায় ঝাঁপ, নিখোঁজ নারী
দিনভর ডুবুরি দলের অভিযান, নদীতে মিলল ব্যাগ-কাপড় ও প্রসাধনী
রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত নারী নিখোঁজ হয়েছেন। তাঁর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুরের দিকে ওই নারী কাঞ্চন সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয় লোকজন বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করে। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও দীর্ঘ সময় অভিযান পরিচালনার পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে উদ্ধার অভিযানের সময় নদী থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটির ভেতরে কাপড় ও কিছু কসমেটিকস পাওয়া গেছে। তবে এসব সামগ্রী নিখোঁজ নারীর কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলো স্বল্পতার কারণে বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় নদীতে তল্লাশি অভিযান শুরু করার কথা রয়েছে।
নিখোঁজ নারীর পরিচয় শনাক্ত এবং তিনি কী কারণে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে নৌপুলিশ।









Discussion about this post