ফতুল্লার কাশিপুরে অটোরিকশার ধাক্কায় সাখাওয়াত নামের ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এমন ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশু সাখাওয়াতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু সাখাওয়াতের মা বলেন, আমরা সবাই কাশিমপুর এলাকার একটি বাসায় বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় সবার অজান্তে সাখাওয়াত রাস্তায় চলে যায়। এ সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ওকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশু সাখাওয়াতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ফতুল্লা থানাকে অবগত করা হয়েছে। ফতুল্লা থানার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

