হাসপাতাল প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও অপরাধ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চুরি, ছিনতাই, খুন, রাহাজানি ও অবৈধ অস্ত্রের দাপটে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রকাশ্যেই অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য চললেও অনেক ক্ষেত্রে তাদের রাজনৈতিক ছত্রছায়ায় অবাধে চলাফেরার অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় ফতুল্লার দৌলতপুর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে নগদ তিন লাখ টাকা, স্বর্ণের আংটি ও মোটরসাইকেল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন দৌলতপুর ব্রিজ সংলগ্ন শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম শিপন (৩০)।
তিনি দৌলতপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত শিপনের মা কোহিনুর বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, শিপন পেশায় একজন ব্যবসায়ী। ঘটনার দিন রাতে নিউমার্কেট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে শহিদনগর এলাকায় পৌঁছালে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ইব্রাহিমের নেতৃত্বে ৫-৬ জন তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
তিনি আরও জানান, হামলাকারীরা শিপনের সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ তিন লাখ টাকা, হাতে থাকা স্বর্ণের আংটি এবং তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গুরুতর আহত অবস্থায় একজন ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরেই কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি এলাকায় প্রকাশ্যে দাপট দেখালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।









Discussion about this post