স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অনুমতিবিহীন লেবেলিংয়ের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-১১ এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে রূপগঞ্জ থানার দক্ষিণ কাজীপাড়া, রূপসী এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ ও ‘বন্ধন ট্রেডিং’-এর গুদামে অভিযান চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে লেবেলিং করে বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে মজুদ অবস্থায় জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
র্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধ পণ্য মজুদ ও ভেজাল উৎপাদনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।









Discussion about this post