নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এস এম লুৎফর রহমান ডিউটিতে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা ৩ জন দুষ্কৃতকারী তাকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে। পরে তারা তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।
পরে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেওভোগ এলাকার বাশমূলী এলাকা থেকে ঘটনায় জড়িত আরহাম (২২) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আরহাম ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা।
তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post