নগর প্রতিনিধি :
ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার বাসিন্দা মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন ভবনের পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ চলছিল।
এ সময় শ্রমিক দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯) ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে অচেতন হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের এমন মৃত্যু নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংকীর্ণ ও বদ্ধ স্থানে কাজ করার আগে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা, যেমন—গ্যাস পরীক্ষা, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা এবং নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা গেছে। তারা নির্মাণকাজে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, দেশে এর আগেও একাধিকবার পানির ট্যাংক বা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ফলে এ ধরনের কাজের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।









Discussion about this post