স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে আড়াল করতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জোবায়েরের ঝুলন্ত মরদেহ ঘরের ভেতরে দেখতে পেয়ে স্থানীয়রা চনপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হলেও স্থানীয়দের কাছ থেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদকাসক্তির কারণে প্রায় দুই মাস আগে জোবায়েরকে তার বাবা পুলিশের হাতে তুলে দেন।
এক মাস আগে তার স্ত্রী জামিনে তাকে মুক্ত করে নিয়ে আসেন। তবে মুক্তির পর আবারও তিনি মাদকে জড়িয়ে পড়েন এবং পারিবারিক কলহে জড়ান। এমনকি স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন।
ঘটনার দিন আদালতে হাজিরা দিতে বড় ভাই আরিফের কাছে টাকা চান জোবায়ের। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আরিফ তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে স্থানীয়দের ধারণা।
এদিকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post