স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএসসি পরীক্ষার ব্যবসায় শিক্ষা শাখার ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের পরীক্ষায় ভুল সিলেবাসে প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা চলাকালীন সময়েই ভুলটি ঘটে বলে জানা গেছে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী এদিন শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীর ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে দেওয়া হয় ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র।
ফলে নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নের মুখোমুখি হয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা। এতে তাদের ফলাফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।
পরীক্ষা শেষে বিষয়টি প্রকাশ্যে এলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ঘটনার সমাধান এবং ন্যায্য মূল্যায়নের দাবি জানান।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা বলেন, “ভুলটি কেন্দ্র সুপারের কারণে হয়েছে।বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়।তদন্তে দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবার দ্রুত কার্যকর সমাধান এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।









Discussion about this post