স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজন।
আজ শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আমির (২৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।
তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে, একই ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামে আরও একজন বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত বুধবার (১৩ মে) সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ইতোমধ্যে ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।









Discussion about this post