স্টাফ রিপোর্টার:
ফতুল্লায় মাদক ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রনি কুমার দাস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রনি কুমার দাস অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ-এর সম্পাদক হিসেবে কর্মরত।
সম্প্রতি তার সম্পাদনায় ফতুল্লার পঞ্চবটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল ও তার ছেলে হুমায়ুনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
এতে ক্ষুব্ধ হয়ে গত ১৭ মে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হুমায়ুন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, অভিযুক্ত হুমায়ুন নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সহযোগী সংগঠনের জেলা নেতা পরিচয় দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও প্রদান করে বলে অভিযোগে বলা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, সাংবাদিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার বিসিক এলাকা, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট ও লোহার মার্কেট সংলগ্ন এলাকায় জালাল ও হুমায়ুনের নেতৃত্বে একটি সক্রিয় মাদক চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে। তাদের মাধ্যমে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি ও খুচরা বেচাকেনা চলে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট দলের স্থানীয় নেতাদের নীরবতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগের সত্যতা থাকলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত, অন্যথায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মাদক চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।









Discussion about this post