স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দিবাগত রাত (২১ মে) পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের একদল লোক ওসমান গণির ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার দাবিতে উত্তেজনা বিরাজ করছে।









Discussion about this post