ঢেউখেলানো সোনালি চুলে নজর কাড়া মহিষ; টেলিগ্রাফে প্রতিবেদন, দর্শনার্থীদের ভিড়
নগর প্রতিনিধি :
মাথায় ঢেউখেলানো সোনালি চুল—এই বৈশিষ্ট্যের কারণেই নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জের একটি খামারে লালিত এই ব্যতিক্রমধর্মী মহিষটি আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। ইতোমধ্যে মহিষটি দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখানে শিরোনাম করা হয়েছে—বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এলবিনো মহিষ কোরবানি হতে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও মহিষটির ছবি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, চার বছর বয়সী মহিষটির ওজন প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। অস্বাভাবিক রঙ ও চুলের গড়নের কারণে এটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা (৩৮) জানান, তার ভাই মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নামকরণ করেন। গত এক বছর ধরে তিনি মহিষটিকে লালন-পালন করছেন।
তিনি বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।”
খামার সূত্রে জানা যায়, মে মাসজুড়ে ঢাকার আশপাশ থেকে মানুষ দলে দলে এসে মহিষটি দেখেছেন। অনেকেই এর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্টের চেহারার মিল খুঁজে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন।
একজন দর্শনার্থী বলেন, “আমার ভাগনে শুধু এই মহিষটি দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে। সত্যিই দেখতে আলাদা।”
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হচ্ছে আলোচিত এই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি।









Discussion about this post