বাসস :
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)’ নামে একটি স্বতন্ত্র সংস্থা গঠন করেছে।
মঙ্গলবার (৩ জুন) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর আওতায় এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ মহানগরী ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে—পরিকল্পিত নগর উন্নয়ন, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন খাতের উন্নয়ন, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই কর্তৃপক্ষ গঠনের ফলে নারায়ণগঞ্জে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি সুসংগঠিত আইনগত ও প্রশাসনিক কাঠামো তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট নানা পরিকল্পনাগত চ্যালেঞ্জ মোকাবেলায় এনডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায় স্বাক্ষর করেন।
এর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি ও সমন্বয় সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।









Discussion about this post